জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান।
এর আগে, রোববার দিবাগত রাতে বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সীমিতসংখ্যক সদস্যের প্রতিনিধিদল নিয়ে তিনি যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
