রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে শপিং সেন্টারের চারপাশে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে নকশাবহির্ভূতভাবে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া হানিফ ফ্লাইওভারের নিচে দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।
তবে অভিযানের খবর আগে থেকেই ছড়িয়ে পড়ায় অনেক দোকানি নিজেদের দোকানপাট সরিয়ে নেন। এর আগে বেশ কয়েক দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও ফুটপাত আগের অবস্থায় ফিরে যায়।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।
