ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হাম'লার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হাম’লার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অর্থনীতি আন্তর্জাতিক

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। শতকরা হিসাবে এই বৃদ্ধির হার ০.৫ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট কমে যায়, যা ৭ দশমিক ৬৩ শতাংশের পতন। দিন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম নেমে দাঁড়ায় ১০৪ ডলার ৭৭ সেন্টে। এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।

বিশ্বের জ্বালানি তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।