মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ডায়েরিতে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এমনকি, এক রাতে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথাও ডায়েরিতে উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশের পর বিষয়টি সামনে এসেছে।
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শিরোনামের বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে লেখা বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। ডায়েরির এসব লেখায় তাঁর উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে।
ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান ফার্নান্দেজ জানান, কালো প্লাস্টিকের মলাটে বাঁধানো ডায়েরিতে থাকা ভাবনা ও অভিজ্ঞতাগুলো বিশ্বের সামনে তুলে ধরার দায়িত্ব পোপ ফ্রান্সিস নিজেই তাঁকে দিয়েছিলেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়টি তুলে ধরেন ফার্নান্দেজ। তাঁর আশঙ্কা ছিল, ডায়েরিটি কোনো গুদামে পড়ে থেকে একসময় বিস্মৃত হয়ে যেতে পারে। পরে ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশের অনুমতি পান তিনি। ফার্নান্দেজের মতে, পোপ ফ্রান্সিসের আধ্যাত্মিক চিন্তাভাবনা মানুষের জন্য উপকারী হতে পারে।
ডায়েরিতে শয়তানকে তিনবার দেখার দাবি
বইটির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো, পোপ ফ্রান্সিসের শয়তানকে তিনবার দেখার অভিজ্ঞতার বিবরণ। ডায়েরিতে তিনি লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে তাঁর বিশ্বাস।
প্রথম ঘটনাটি ঘটে গাড়িতে করে বাড়ি ফেরার পথে। দ্বিতীয়বার একটি গির্জার কারমেলাইট উপাসনাকক্ষে প্রার্থনার সময় এমন অভিজ্ঞতা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে।
বইটির ফরাসি সংস্করণের আগাম কপিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারি ডায়েরিতে পোপ ফ্রান্সিস লিখেছিলেন, তাঁর মনে হয়েছিল শয়তান নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কৌশলে মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
ডায়েরিতে তিনটি ঘটনার বিবরণ দিয়ে পোপ ফ্রান্সিস দাবি করেন, প্রতিটি ক্ষেত্রেই শয়তানকে তিনি বাস্তব শারীরিক উপস্থিতি হিসেবে দেখেছিলেন বলে বিশ্বাস করেন।
প্রথম ঘটনার বর্ণনায় তিনি লেখেন, প্রায় ১৫ বছর আগে গাড়ির জানালা দিয়ে শয়তানকে দেখেছিলেন। তার চোখের দৃষ্টি ছিল একই সঙ্গে ভয়ংকর ও আকর্ষণীয়। সেই দৃষ্টি কখনো ভুলতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি কারমেলাইট উপাসনালয়ে। সেখানে জ্বলন্ত চোখে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখেছিলেন বলে ডায়েরিতে লেখেন পোপ। তাঁর বর্ণনায়, সেই দৃষ্টি আগের ঘটনার চেয়েও তীব্র ছিল।
তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। পোপ ফ্রান্সিসের দাবি, সেদিন তিনি শয়তানকে দেখার পাশাপাশি তার কণ্ঠস্বরও শুনেছিলেন। তাঁর ভাষায়, কণ্ঠস্বরটি ছিল বিজয়ীর মতো, যেন সবকিছুর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। তবে সৃষ্টিকর্তার সহায়তায় এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেন তিনি।
‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতা
শুধু শয়তানকে দেখার অভিজ্ঞতাই নয়, ডায়েরিতে আরও একটি অদ্ভুত উপলব্ধির কথা লিখেছিলেন পোপ ফ্রান্সিস। ২০১৮ সালের ৭ জুনের একটি ডায়েরি নোটে আগের রাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
সেখানে পোপ লেখেন, ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন। পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির এসব বিবরণ প্রকাশের পর তাঁর আধ্যাত্মিক জীবন, ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত উপলব্ধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
