মা হওয়ার পর বছরে এক সিনেমা করবেন আলিয়া ভাট

মা হওয়ার পর বছরে এক সিনেমা করবেন আলিয়া ভাট

বিনোদন

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে প্রবেশের পর থেকে আলিয়া ভাট নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। দশকেরও বেশি সময় ধরে বড় বাজেটের সিনেমা ও নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার ব্যস্ততা প্রমাণ করেছে, যে আলিয়া এখন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী।

তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকলেও এবার ব্যক্তিগত জীবনের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। মেয়ের জন্মের পর থেকে আলিয়া জানিয়েছেন, তার অগ্রাধিকার তালিকায় পরিবর্তন এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না। মূল উদ্দেশ্য মেয়ে রাহা-কে পর্যাপ্ত সময় দিতে নিজের কাজের গতি কমানো।

আলিয়া ভাট বলেন, “আমি আমার ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেমন একসাথে দুই-তিনটি সিনেমার কাজ করতাম, এখন তা সম্ভব নয়। কারণ এখন আমার একটি সন্তান আছে এবং আমি যে কাজ করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।”

মা হওয়ার পর আলিয়া নিজের মধ্যে নতুন উদ্যম অনুভব করেছেন, বিশেষ করে অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, “মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পারছি, আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন সুযোগ দিয়েছে যা আগে কখনো পাইনি।”

এ সিদ্ধান্তের মাধ্যমে আলিয়া ভাট প্রমাণ করলেন, মা হওয়া এবং পেশাদার জীবনকে একসাথে সামলানো সম্ভব, এবং এখন থেকে তার কাজের প্রতি মনোযোগ আরও গুণগতভাবে বাড়বে।