বাংলা নববর্ষকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। ‘চৈত্র সংক্রান্তি ১৪৩২’ উপলক্ষে এ আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই ভেলা বাইচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১১টি হল থেকে ২ জন করে মোট ২২ জন প্রতিনিধি অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় হয় নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অর্জন করে কামাল উদ্দিন হল।
বিজয়ী তিন হলের প্রতিনিধিদের পুরস্কার হিসেবে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলা সংস্কৃতি ও গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে পদার্পণের এই সময়ে এমন আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও জাকসু ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।
