জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে ভারত সরকার বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
স্পিকার জানান, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং বিরোধী দলও সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদার করতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময় কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলেও তিনি মত দেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে হাইকমিশনার প্রণয় ভার্মা স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
