নতুন শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

নতুন শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজার অনুসন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে। এর মধ্যে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও দক্ষ কর্মীর চাহিদা নিরূপণে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে দেশভিত্তিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা লবিস্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানে বাংলাদেশি কর্মীদের চাহিদা বিবেচনায় সেখানে দক্ষ জনবল পাঠানোর কার্যক্রম জোরদার করা হচ্ছে। এজন্য জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া জাপানি, রুশ, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।