বৃষ্টির পরও কাটেনি জলাবদ্ধতা, ক্রেতাশূন্য রাজধানীর নিউমার্কেট

বৃষ্টির পরও কাটেনি জলাবদ্ধতা, ক্রেতাশূন্য রাজধানীর নিউমার্কেট

জাতীয়

টানা বৃষ্টির পর রাজধানীর নিউমার্কেট এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরেনি। জলাবদ্ধতার কারণে বিপণি-বিতান ও দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম, ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

দোকানিরা জানান, রোববারের (১২ জুলাই) ভারী বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। নিচু স্থানে অবস্থিত অনেক দোকানে বৃষ্টির পানি এবং নালা-নর্দমার ময়লা পানি ঢুকে পড়ে। এতে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অতিরিক্ত ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেট এলাকার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। সরকার বা প্রশাসনের পরিবর্তন হলেও রাজধানীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবেও সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে পড়তে হয় ক্রেতা ও ব্যবসায়ীদের।

এদিকে, রোববার ভারী বৃষ্টির সময় সম্ভাব্য বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে।

জলাবদ্ধতার কারণে এখনও অনেক স্থানে স্বাভাবিক কেনাকাটার পরিবেশ ফিরেনি। ব্যবসায়ীরা দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।