দাম বৃদ্ধির পর ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ বাড়ল

দাম বৃদ্ধির পর ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ বাড়ল

জাতীয়

দেশের জ্বালানিসংকট নিরসনে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ১০ শতাংশ, পেট্রল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে সরবরাহ করা হবে। রোববার (২০ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ এপ্রিল থেকে নতুন হারে জ্বালানি তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাজারে সরবরাহ সংকটের শঙ্কা দেখা দিলে বিপিসি এই অতিরিক্ত সরবরাহের সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিপো পর্যায়ে সরবরাহ বাড়ানো হলে বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তাদের দুর্ভোগ কমবে।