রংপুর নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে শাপলা চত্বর এলাকায় অবস্থিত সিনেমা হলটির তৃতীয় তলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণ রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ৩৫ জনই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
অভিযান পরিচালনা করেন সনাতন চক্রবর্তী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা হলের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে সিনেমা দেখার আড়ালে গোপন কক্ষ তৈরি করে অনৈতিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।
তিনি আরও জানান, সাধারণ দর্শকদের কোনো ধরনের হয়রানি করা হয়নি। শুধুমাত্র অনৈতিক কাজে জড়িতদেরই আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিনেমা হলের ভেতরে ছোট ছোট গোপন কক্ষ তৈরি করে বিছানার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীরা অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃতদের অধিকাংশ শিক্ষার্থী হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে হলের দুই কর্মচারীকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৫ এপ্রিল রংপুরের স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৩ জনকে আটক করেছিল পুলিশ। কয়েক দিনের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনায় নগরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
