জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। সোমবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
আফরোজা আব্বাস বলেন, তিনি মির্জা আব্বাসের স্ত্রী—এটাই তার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে তিনি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চান।
তিনি বলেন, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। তবে তাকে এ প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের তথ্য থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। এসব তথ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা অনাকাঙ্ক্ষিত।
স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার কথা উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, এই সময়টি তার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। স্বামীর অসুস্থতার কারণে তিনি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে তার একমাত্র অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।
নির্বাচনে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, যারা সাহস করে সামনে এসেছেন তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে। সময় তাদের জন্যও অপেক্ষা করছে।
নির্বাচিতদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী। তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন রক্ষায় নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব। ব্যক্তিগত কষ্ট থাকলেও তিনি বিশ্বাস করেন, নারীর শক্তি কখনো থেমে থাকে না।
