যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
নেতানিয়াহু বলেন, ওয়াশিংটন ডিসিতে একটি ডিনার অনুষ্ঠানে ঘটে যাওয়া এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত’। একই সঙ্গে ট্রাম্প এবং ফার্স্ট লেডি নিরাপদ ও সুস্থ আছেন জেনে স্বস্তি প্রকাশ করেন তিনি।
তিনি আহত পুলিশ কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় মার্কিন সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন।
এদিকে মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে ট্রাম্পই হামলার মূল লক্ষ্য ছিলেন। তবে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলার চেষ্টা দেশটির রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
