প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পথে এগোবে।
রোববার (২৬ এপ্রিল) নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এই সংকট কোনো রাজনৈতিক দলের সৃষ্টি নয়। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি আরও বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে। এতে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমেছে। একইভাবে বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জন করতে পারে।
জ্বালানি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, সৌর প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে কর কমিয়ে আনলে সাধারণ মানুষ সহজেই বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করতে পারবে। এতে বিদ্যুতের চাহিদা পূরণ সহজ হবে এবং বিদেশি জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো গেলে দেশের বিদ্যুৎ সংকট দীর্ঘমেয়াদে সমাধান করা সম্ভব হবে।
