যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত ওই নৈশভোজে ট্রাম্প দাবি করেন, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে— এ বিষয়ে রাজা চার্লসও তার সঙ্গে একমত।
ট্রাম্প বলেন, “আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যও এ বিষয়ে একই অবস্থান নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, রাজা চার্লসের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম উল্লেখ করে ট্রাম্পের এমন মন্তব্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যাচ্ছে, ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ এখনো বহাল রয়েছে।
