জলাবদ্ধতা নিরসনে দেশের বিভিন্ন স্থানে খাল খনন কার্যক্রম জোরদার করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্তমানে বড় সমস্যায় পরিণত হয়েছে। কৃষিকাজসহ নানা প্রয়োজনে পানি তোলার কারণে পরিস্থিতি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থায় জলাবদ্ধতা মোকাবিলায় খাল খননকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও জানান, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বন্ধ কলকারখানা চালু করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সিলেটে দ্রুত একটি তথ্যপ্রযুক্তি পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
