আগামী ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবারের ঈদে দেশের মোট পশুর চাহিদা এক কোটি কিছু বেশি হলেও খামারিদের কাছে এক কোটিরও বেশি গরু, ছাগল ও ভেড়া রয়েছে। ফলে বাজারে ঘাটতির কোনো সম্ভাবনা নেই।
আজ রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার চাহিদার তুলনায় দেশে প্রায় ২২ লাখ ২৭ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, দেশে গরু ও মহিষ রয়েছে প্রায় ৫৬ লাখ ৯৫ হাজার এবং ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখের বেশি। এছাড়া রাজধানীতে ২৬টি অস্থায়ী পশুর হাটসহ সারাদেশে মোট তিন হাজার ৬০০টির বেশি হাট বসবে।
তিনি বলেন, কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইনে পশু কেনাবেচায় আলাদা কোনো খাজনা বা হাসিল দিতে হবে না বলেও জানান তিনি।
