টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখাতে আসা দুই যুবক গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ওই দুই যুবকের কথাবার্তা ও আচরণে অসঙ্গতি থাকায় তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ধরনের প্রতারণা দেখা যাচ্ছে।
সেখানে কিছু ব্যক্তি নিজেদের বিদেশি নাগরিক, বিশেষ করে চীনা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে এ ধরনের প্রতারণা এড়ানো যায়।
