নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দিনের নাটকীয় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ে শপথ গ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, গভর্নরের সঙ্গে একাধিক দফা আলোচনা এবং জোটসঙ্গীদের সঙ্গে টানা দর-কষাকষির পর সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হন বিজয়।

রাজনৈতিক সূত্র অনুযায়ী, শনিবার সন্ধ্যায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের নির্ধারিত সফর ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিনি চেন্নাই থেকে তিরুবনন্তপুরম যাওয়ার পরিকল্পনায় ছিলেন। সেই সফর হলে সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত হতে পারত বলে রাজনৈতিক মহলে শঙ্কা তৈরি হয়।

তবে শেষ মুহূর্তে গভর্নর তার সফর বাতিল করেন এবং সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে যায়। একই সময়ে ভিদুথালাই চিরুথাইগাল কাচি ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ আনুষ্ঠানিকভাবে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম জোটে যোগ দেয়। এতে জোটের আসনসংখ্যা ২৩৪ সদস্যের বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে।

এর আগে বিজয়ের দল এককভাবে ১০৮টি আসন পেলেও একাধিক সমীকরণের কারণে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে কংগ্রেস, সিপিআই ও সিপিআইএমসহ জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠনের পথ সুগম হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নাটকীয় ও অনিশ্চয়তায় ভরা, যা অনেকের কাছে থালাপতি বিজয়ের সিনেমার কাহিনির মতোই মনে হয়েছে।

শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন থালাপতি বিজয়।