তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থালাপতি বিজয়

আন্তর্জাতিক

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ভোটের ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তামিল ভাষায় শপথ নেওয়ার সময় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে বেশি পরিচিত, নির্বাচনে জয়লাভের পর থেকেই সরকার গঠন নিয়ে নানা আলোচনা ও রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনাসহ আরও কয়েকজন নেতা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিজয়ের জোটসঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন কালো ট্রাউজার, সাদা শার্ট ও কালো ব্লেজারে মঞ্চে উপস্থিত হন নতুন মুখ্যমন্ত্রী বিজয়।

এর আগে শনিবার রাতে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে বিজয়কে আমন্ত্রণ জানান। বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগাম’ ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএল-এর সমর্থনে ১২০ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি।