মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস; ইতিহাসে জড়িয়ে আছে আনা জারভিসের নাম পৃথিবীর সবচেয়ে মধুর ও আপন শব্দ ‘মা’। জন্মের পর একজন মানুষ যে শব্দটি সবচেয়ে বেশি উচ্চারণ করে, সেটিও ‘মা’। সন্তানের জীবনে মায়ের অবদান, ভালোবাসা ও ত্যাগকে স্মরণ করতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস।
মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এই বিশেষ দিনটি বিশ্বের অধিকাংশ দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। সন্তানরা এ দিনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন শুভেচ্ছা, উপহার ও সময় দেওয়ার মাধ্যমে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অ্যান রিভস জারভিস নামে এক সমাজকর্মী নারী অধিকার ও জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। একসময় তিনি তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিসের সামনে মায়েদের সম্মান জানিয়ে একটি বিশেষ দিনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।
১৯০৫ সালে অ্যান জারভিসের মৃত্যুর পর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগ নেন। ওই বছরই তিনি একটি স্কুলে প্রথমবারের মতো মা দিবস পালন করেন। পরে তার প্রচেষ্টায় ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মাদার্স ডে’ হিসেবে ঘোষণা করেন।
এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালনের প্রচলন শুরু হয়। দিনটি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।
