বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা তারেক রহমান। তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম ও মামলার শিকার হতে হতো। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে এবং রক্ত দিয়েছে। তার মতে, দেশকে শুধু স্বাধীন করা নয়, বরং স্বৈরাচারমুক্ত করে পুনর্গঠন করাই এখন প্রধান কাজ।
এ সময় তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের দাবি থাকলে কুমিল্লাকে বিভাগ করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তারেক রহমান আরও বলেন, সব বিষয় বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
