২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আজ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম বড় টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা, যা ঘিরে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় এবং বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় দল ঘোষণার অনুষ্ঠান শুরু হবে। রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে বিশেষ আয়োজনের মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হবে।
দল ঘোষণা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিবিএফ। দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মী ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমোদন পেয়েছেন। সংবাদমাধ্যমের জন্য আলাদা প্রবেশপথ, প্রেস জোন এবং সংবাদ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কোচ কার্লো আনচেলত্তি। সেখানে তিনি বিশ্বকাপ পরিকল্পনা, দল নির্বাচন এবং বিশেষ করে নেইমারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন।
চোট থেকে ফিরে আসা নেইমার চূড়ান্ত দলে থাকবেন কি না, সেটিই এখন সবচেয়ে আলোচিত বিষয়। পাশাপাশি তরুণ তারকা এস্তেভাওয়ের ইনজুরিও দল নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের আসর শুরু হবে আগামী ১১ জুন। এবারের আসরের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
