ব্যাংকের কার্ড ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা গ্রহণ ও ‘অ্যাড মানি’ লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটসহ এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ বাধ্যতামূলক করা হয়েছে। এই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে। এরপর থেকে গ্রাহক স্বাভাবিকভাবে যেকোনো পরিমাণ অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে একই ব্যক্তির নামে থাকা ব্যাংক কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের ক্ষেত্রে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি সংযুক্ত করে লেনদেন করা যাবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ লেনদেনকে আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না, বরং এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে এই নিরাপত্তা ব্যবস্থা ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএসে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মতে, সাম্প্রতিক সময়ে কার্ড ব্যবহার করে বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টে প্রতারণামূলক লেনদেনের ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
