আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন ঋণ নিচ্ছে সরকার

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন ঋণ নিচ্ছে সরকার

অর্থনীতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সর্বোচ্চ ৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণ পেতে পারে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২১ মে) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন একটি ঋণ কাঠামোতে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, সরকার বর্তমান কর্মসূচিতে আর থাকতে আগ্রহী নয়।

একই সঙ্গে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো, সময়সীমা এবং ঋণের পরিমাণ নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আইএমএফ নীতিগত সম্মতি দিয়েছে বলেও জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইএমএফকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন ঋণ কর্মসূচি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, অর্থনৈতিক সংস্কার এবং বাজেট সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।