দেশের বাজারে জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) মধ্যরাত থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানায় বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার করা হয়েছে।
এর আগে গত ৭ মে এবং ৭ এপ্রিল জেট ফুয়েলের দামে একাধিক দফা পরিবর্তন আনা হয়েছিল। ২৪ মার্চ একবার বড় অঙ্কে দাম বাড়ানোর পর ধারাবাহিকভাবে বাজার পরিস্থিতি অনুযায়ী মূল্য সমন্বয় করা হচ্ছে।
বিইআরসি জানায়, কমিশনের সাম্প্রতিক শুনানি এবং আন্তর্জাতিক বাজারে জেট এ-১ ফুয়েলের দাম, ডলারের বিনিময় হার ও বিপিসির খরচ বিবেচনায় নিয়েই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
