২০২৬ বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপের আগে মেক্সিকোতে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য উন্মোচন

খেলাধুলা

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেক্সিকোর জালিস্কো স্টেডিয়ামের সামনে ৩১ ফুট উঁচু একটি বিশাল ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অবস্থিত জালিস্কো স্টেডিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। মূলত ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের অসাধারণ অবদান ও ১৯৭০ বিশ্বকাপের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঐতিহাসিক এই জালিস্কো স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বিশেষ করে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলেছিল ব্রাজিল। পরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় পেলের দল।

জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, “এখানে খেলেছেন এবং স্মরণীয় গোল করেছেন এমন একজন কিংবদন্তির ভাস্কর্য জালিস্কোর মানুষ ও দর্শনার্থীদের জন্য বিশেষ উপহার। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতেন, আর ১৯৭০ সালে এখানকার দর্শকরা ব্রাজিল দলকে অসাধারণ সমর্থন দিয়েছিল।”

‘প্লাজা ব্রাজিল’ নামের একটি উন্মুক্ত চত্বরে স্থাপন করা হয়েছে পেলের এই ভাস্কর্য। এর উচ্চতা ৩১ ফুট বা প্রায় ৯ দশমিক ৫ মিটার। গভর্নর লেমুস আশা প্রকাশ করেন, স্টেডিয়ামে আসা দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলবেন এবং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণে পরিণত হবে।

যদিও ২০২৬ বিশ্বকাপে জালিস্কো স্টেডিয়ামে ব্রাজিলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না, তারপরও গুয়াদালাহারা ভেন্যুতে গ্রুপ পর্বের চারটি ম্যাচ আয়োজন করা হবে।

সূচি অনুযায়ী, ১২ জুন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, ১৮ জুন মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ২৩ জুন কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো এবং ২৬ জুন উরুগুয়ে বনাম স্পেন ম্যাচ অনুষ্ঠিত হবে।