আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রী হয়রানি প্রতিরোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সোমবার (২৫ মে) ঈদ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্থাপন করা হয়েছে সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।
জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকারী মেশিন রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাদা পোশাকের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
মোসলেহ উদ্দিন আহমদ আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। একইসঙ্গে পশুবাহী যানবাহনের চলাচলেও কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক পশু নামানো না হয়।
ঈদের সময় পশু ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও বুথের মাধ্যমে নিরাপদ লেনদেনের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়বেন লাখো মানুষ। তাদের যাতায়াত নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করছে ডিএমপি। বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে পুলিশ কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, কোরবানির পশুর হাটের কারণে যাতে প্রধান সড়কে যানজট সৃষ্টি না হয়, সে জন্য হাটের সীমানার বাইরে রাস্তা বা ফুটপাতে পশু রাখতে দেওয়া হবে না। যত্রতত্র পার্কিং করা যানবাহনের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
