বরুণের মায়ের ভূমিকায় মৌনি, নেটদুনিয়ায় সমালোচনা

বরুণের মায়ের ভূমিকায় মৌনি, নেটদুনিয়ায় সমালোচনা

বিনোদন

বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন চলচ্চিত্র ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে।

ডেভিড ধাওয়ানের স্বভাবসিদ্ধ কমেডি ঘরানার এই চলচ্চিত্রে ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানকে দেখা গেছে ৪০ বছর বয়সী অভিনেত্রী মৌনি রায়ের ‘নকল ছেলের মা’ হিসেবে। প্রায় সমবয়সী দুই অভিনেতার এমন অনস্ক্রিন মা-ছেলের সম্পর্ক নিয়েই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও কৌতূহল।

ট্রেলারের একটি দৃশ্যে দেখা যায়, বরুণ ধাওয়ানের চরিত্র তার এক বন্ধুকে অনুরোধ করছে ‘নিরূপা রায়ের মতো’ একজন মায়ের ব্যবস্থা করে দিতে—যিনি বলিউডে মা চরিত্রে পরিচিত একজন কিংবদন্তি অভিনেত্রী। এরপরই পর্দায় জমকালো সাজে মৌনি রায়কে প্রবেশ করতে দেখা যায়।

এই দৃশ্য প্রকাশের পর থেকেই এক্সে (সাবেক টুইটার) শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। অনেক দর্শক বিষয়টিকে অযৌক্তিক ও পুরনো ধাঁচের কমেডি হিসেবে আখ্যা দিয়েছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, প্রায় সমবয়সী দুই অভিনয়শিল্পীকে মা-ছেলের চরিত্রে দেখানো এখন আর হাস্যরস তৈরি করছে না, বরং এটি জোর করে তৈরি করা পুরনো কনসেপ্টের পুনরাবৃত্তি। কেউ কেউ এটিকে নিম্নমানের কনটেন্ট বা ‘ব্রেইন রট’ বলেও উল্লেখ করেছেন।

চলচ্চিত্রে জিমি শেরগিলের চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, যেখানে ধারণা করা হচ্ছে তিনি মৌনি রায়ের সঙ্গে পুরোনো বলিউড স্টাইলে কমেডি দৃশ্যে অংশ নিতে পারেন।

ট্রেলার ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন সিনেমাটির মুক্তির আগেই দর্শকমহলে বাড়তি আগ্রহ ও আলোচনা তৈরি করেছে।