‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’, অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’, অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার

দেশ জুড়ে ময়মনসিংহ

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ মন্তব্য করার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (৩১ মে) জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শনিবার (৩০ মে) রাতে একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে শোনা যায় এক ব্যক্তিকে, যিনি নিজেকে ওসি হিসেবে পরিচয় দিচ্ছেন।

ভাইরাল হওয়া অডিওতে বলা হয়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব।’ এছাড়া অভিযোগ নিষ্পত্তি ও অর্থ লেনদেন সম্পর্কেও বিভিন্ন মন্তব্য শোনা যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অডিওতে আরও বলা হয়, ‘পুলিশের চাকরিটা এক ধরনের ব্যবসা। তবে সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত না।’ পাশাপাশি অধস্তন সদস্যদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. আবুল হাশেম। তিনি দাবি করেন, ভাইরাল অডিওতে থাকা কণ্ঠ তার নয় এবং কীভাবে তার নামে এটি প্রচার করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, অডিওটি নজরে আসার পরপরই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।