ইরানের রাডার কেন্দ্রে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ধ্বংস ৪ ড্রোন

ইরানের রাডার কেন্দ্রে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ধ্বংস ৪ ড্রোন

আন্তর্জাতিক

ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলা চালিয়ে চারটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপ ও গোরুকে উপকূলের নজরদারি রাডার কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ইরান হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজের দিকে ড্রোন পাঠিয়েছিল। আত্মরক্ষার স্বার্থে ওই চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের সিরিক বন্দর এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয়েছে।

তবে ইরান ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনীকে সতর্ক করতে গুলি ছোড়া হয়েছিল। কোনো ধরনের হামলার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে তেহরান।

ঘটনাটিকে কেন্দ্র করে ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এ ঘটনা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

যদিও উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে, তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।