প্রাতাস দ্বীপপুঞ্জে চীনের প্রথম যৌথ অভিযান, উত্তেজনা বৃদ্ধির অভিযোগ তাইওয়ানের

প্রাতাস দ্বীপপুঞ্জে চীনের প্রথম যৌথ অভিযান, উত্তেজনা বৃদ্ধির অভিযোগ তাইওয়ানের

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরের প্রাতাস দ্বীপপুঞ্জের জলসীমায় প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে চীন বলে অভিযোগ করেছে তাইওয়ান। দেশটির উপকূলরক্ষী বাহিনীর দাবি, একটি চীনা উপকূলরক্ষী জাহাজ ও একটি জরিপ জাহাজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে, যা তাইওয়ানকে উসকানি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

শনিবার (৬ জুন) এক বিবৃতিতে তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানায়।

তাইওয়ান-নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরের উত্তরাংশে অবস্থিত। দীর্ঘদিন ধরে দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। এ কারণে অঞ্চলটি দুই পক্ষের সামরিক ও আধা-সামরিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মূল তাইওয়ান দ্বীপ থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করায় প্রাতাস দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ একটি এলাকা।

তাইওয়ানের দাবি, শুক্রবার একটি চীনা উপকূলরক্ষী জাহাজ এবং পরদিন শনিবার একটি জরিপ জাহাজ প্রাতাস দ্বীপের জলসীমায় প্রবেশ করে। অভিযানের সময় চীনা জাহাজ থেকে বেতার বার্তার মাধ্যমে জানানো হয় যে তারা নিয়মিত আইন প্রয়োগকারী অভিযান পরিচালনা করছে।

একই সঙ্গে চীনা পক্ষ থেকে প্রচার করা হয় যে তাইওয়ানের ভবিষ্যৎ চীনের সঙ্গে পুনর্মিলনের মধ্যেই নিহিত। এর জবাবে দ্রুত নিজেদের জাহাজ পাঠায় তাইওয়ান।

তাইওয়ানের জাহাজ থেকে পাঠানো পাল্টা বার্তায় চীনকে শান্তি বিঘ্নিত না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নিজ দেশের সেবা করার পরামর্শও দেওয়া হয়।

এদিকে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব Joseph Wu সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনা জাহাজ দুটির গতিপথের মানচিত্র প্রকাশ করেন। তিনি চীনকে ‘অসুস্থ গুণ্ডা’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, বেইজিং ইচ্ছাকৃতভাবে এ অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

অন্যদিকে, চীন বরাবরের মতোই প্রাতাস দ্বীপপুঞ্জকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তবে তাইওয়ান সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে দ্বীপটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

দক্ষিণ চীন সাগর ঘিরে চলমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে এই ঘটনাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।