প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে সভা চলছে

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চতুর্থ সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আলোচ্য প্রকল্পগুলোর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

সভায় সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটির অনুমোদন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকের আলোচ্যসূচিতে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা।

সভায় আরও রয়েছে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং বিভিন্ন অবকাঠামো ও জনসেবামূলক উন্নয়ন প্রকল্প।

একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।