বিশ্বকাপ ২০২৬ উন্মাদনা: যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের শোডাউন

বিশ্বকাপ ২০২৬ উন্মাদনা: যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের শোডাউন

খেলাধুলা

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ দিন ১৬ ঘণ্টা বাকি। আর এই বিশ্বমঞ্চের মহারণকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয় উপজেলা গেট এলাকা থেকে মিছিলটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর কয়েকশত ভক্তের অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে এটি শেষ হয়।

বর্ণিল এই মিছিলে অংশ নেওয়া কয়েক প্রজন্মের ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় দলের ফুটবলারদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং ব্রাজিলের বিশাল আকৃতির জাতীয় পতাকা বহন করেন।

এ সময় হলুদ-সবুজ জার্সিতে ছেয়ে যায় পুরো এলাকা এবং সমর্থকরা তাদের প্রিয় দলের পক্ষে ও হেক্সা মিশনের সমর্থনে বিভিন্ন আনন্দঘন স্লোগান দিয়ে চারপাশ মুখরিত করে তোলেন। আসন্ন বিশ্বকাপকে ঘিরে নিজেদের গভীর ভালোবাসা ও সীমাহীন উচ্ছ্বাস প্রকাশ করতেই বাঘারপাড়ার সেলেসাও ভক্তরা এই উৎসবের আমেজ তৈরি করেন।

মিছিলের মূল আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে একটি সুস্থ ক্রীড়ামোদী ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই মূলত এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এই আনন্দ আয়োজনে বাঘারপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক এবং সাধারণ ফুটবলপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিন দিন বৈশ্বিক এই ফুটবল আসর যত ঘনিয়ে আসছে, ততই যশোরের বাঘারপাড়াসহ চারপাশের বিভিন্ন গ্রামীণ ও শহর এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে চিরচেনা উৎসব, উন্মাদনা এবং প্রিয় দলকে নিয়ে তর্ক-বিতর্কের পারদ হু হু করে বাড়ছে।