দুর্দান্ত এক জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আসর শুরু করেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার নতুন রেকর্ড গড়েছে মার্কিন দল।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্বাগতিকদের।
ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মার্কিন আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা। এতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন তিনি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের ৭৩তম মিনিটে হুলিও এনসিসোর গোলে ব্যবধান কিছুটা কমায় দক্ষিণ আমেরিকার দলটি।
তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা। যোগ করা সময়ে জন রেইনা দুর্দান্ত এক গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মুখোমুখি দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপের সেই ম্যাচেও ৩-০ গোলে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। প্রায় এক শতাব্দী পর আবারও বিশ্বকাপের মঞ্চে প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করল মার্কিনরা।
এই জয়ে ‘ডি’ গ্রুপে শক্ত অবস্থান তৈরি করল যুক্তরাষ্ট্র। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পড়ল প্যারাগুয়ে।
