ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড

ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড

খেলাধুলা

দীর্ঘ ৬০ বছর ধরে ট্রফির খোঁজে থাকা ইংল্যান্ড জাতীয় দল বুধবার (১৭ জুন) বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালে সেমিফাইনালে স্বপ্নভঙ্গের পর এবার নতুন কোচ থমাস টুখেলের অধীনে উত্তর আমেরিকার মাটিতে বিশ্বকাপ মিশন শুরু করেছে থ্রি-লায়ন্সরা।

স্কোয়াড নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বুকমেকারদের মতে, হ্যারি কেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ড এবারের টুর্নামেন্টে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট।

তবে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যারা ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে আবারও বড় মঞ্চে নিজেদের প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

ক্রোয়েশিয়ার নেতৃত্বে থাকবেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ, যার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ আসর। তার সঙ্গে মাঝমাঠে থাকবেন মাতেও কোভাচিচসহ অভিজ্ঞ ফুটবলাররা।

অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন। বায়ার্ন মিউনিখে শিরোপা জয়ের পর তিনি এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছেন। ম্যাচের আগে তিনি বলেন, দল হিসেবে এটি আমাদের বড় সুযোগগুলোর একটি, আমরা ভালো শুরু করতে চাই।

ইংল্যান্ড কোচ থমাস টুখেলও জানিয়েছেন, দল স্বপ্ন দেখবে তবে বাস্তবতা ভুলে নয়, চাপ নিয়ন্ত্রণ করেই খেলতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের লড়াই সবসময়ই কঠিন হয়েছে। হেড-টু-হেডে দুই দল বহুবার মুখোমুখি হলেও ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি এখনো ক্রোয়াটদের বড় অনুপ্রেরণা।

ডাটা অ্যানালিস্ট ‘অপ্টা’র সুপারকম্পিউটার অনুযায়ী, ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ, ক্রোয়েশিয়ার ২০.৮ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ২৩.৩ শতাংশ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে থাকতে পারেন পিকফোর্ড, জেমস, কনসা, গুয়েহি, ও’রাইলি, অ্যান্ডারসন, রাইস, সাকা, বেলিংহাম, গর্ডন ও কেইন।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশে থাকছেন লিভাকোভিচ, স্টানিসিচ, সুতালো, ভুসকোভিচ, গার্দিওল, মদ্রিচ, কোভাচিচ, পাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ ও বুদিমির।