বিশ্ববাজারে মেমোরি চিপের আকাশচুম্বী দামের কারণে নতুন আইফোনের দাম বাড়ানো অনিবার্য বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি চাপে রয়েছে এবং এই চাপ দীর্ঘ সময় অব্যাহত থাকতে পারে।
টিম কুক জানান, এতদিন পর্যন্ত অ্যাপল চেষ্টা করেছে বাড়তি খরচ গ্রাহকদের ওপর না চাপাতে। তবে এখন আর সেই অবস্থায় থাকা সম্ভব নয়। তার ভাষায়, “দুঃখজনক হলেও আইফোনের দাম বাড়ানো এখন অনিবার্য।”
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ চিপ মজুত করায় সরবরাহ সংকট তৈরি হয়েছে।
বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, আগামীতে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে এই সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বিশেষ করে আইফোন ১৮ প্রো মডেলে মেমোরি ও স্টোরেজ উপকরণের খরচ প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে।
এর আগে বাজারে আইফোনের দাম অপরিবর্তিত থাকার যে গুঞ্জন ছিল, টিম কুকের এই মন্তব্যের পর তা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
