সারাদেশে এবার অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মূল্যায়ন ব্যবস্থায় সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, এখন থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নামমাত্র পর্যায়ে রাখা হবে। কোচিং-নির্ভর বা অতিরিক্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে না। শিশুদের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও সৃজনশীলতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের জাতীয় পর্যায়ের ফাইনাল আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তবজীবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ তৈরি করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে এ কার্যক্রম শুরু হবে এবং পরে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা।
