যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

আন্তর্জাতিক

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। সাম্প্রতিক এক জরিপে উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ২৫০ বছর পর দেশটি বর্তমানের মতো একক ও অখণ্ড রাষ্ট্র হিসেবে টিকে নাও থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৩৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন না যে এখন থেকে ২৫০ বছর পরও যুক্তরাষ্ট্র একটি একক রাষ্ট্র হিসেবে বিদ্যমান থাকবে। অন্যদিকে, ৬২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন দেশটি ভবিষ্যতেও অখণ্ড অবস্থায় টিকে থাকবে।

জরিপে অংশ নেওয়া অনেকেই মনে করেন, সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব ও অবস্থান কিছুটা দুর্বল হয়েছে।

সমীক্ষার ফলাফলে আরও দেখা যায়, বর্তমানে প্রায় ৩০ শতাংশ আমেরিকান যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে মনে করেন। অথচ ২০১৭ সালের নভেম্বরে, ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুর দিকে পরিচালিত একই ধরনের জরিপে এই হার ছিল প্রায় ৩৮ শতাংশ।

রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ছিলেন ডেমোক্রেটিক পার্টির সমর্থক এবং ২৬ শতাংশ ছিলেন রিপাবলিকান পার্টির সমর্থক।

চার দিনব্যাপী পরিচালিত এই জরিপ শেষ হয় গত ১৫ জুন। অনলাইনে পরিচালিত সমীক্ষায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপটির সম্ভাব্য ত্রুটির সীমা ছিল ৩ শতাংশ।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০ বছর পূর্তি উদযাপিত হবে। ১৭৭৬ সালের এই দিনে দেশটির প্রতিষ্ঠাতা নেতারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন।

এই ঐতিহাসিক উপলক্ষ সামনে রেখে বিভিন্ন জাতীয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে এসব আয়োজনকে ঘিরেও দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।