দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
একই সময়ে নতুন করে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন রোগী।
স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সিলেটের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলও হামের সংক্রমণের প্রভাব অনুভব করছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
রোগীর চাপ বাড়তে থাকায় কয়েকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিও বেড়েছে।
তবে চিকিৎসকরা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা গেলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
