২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে জয় দিয়ে মিশন শুরু করেছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে লা ক্যাফেতেরোসরা।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয় নবাগত দলটিকে।
ম্যাচের ৬০তম মিনিটে উজবেকিস্তানের হয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় গোলটি করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এলদর শোমুরোদভের নেওয়া ভলি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে সুযোগ কাজে লাগান ফাইজুল্লায়েভ। গোলমুখে পাওয়া বল ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।
তবে উজবেকিস্তানের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সমতাসূচক গোলের মাত্র পাঁচ মিনিট পরই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। দলের তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। উজবেক গোলরক্ষক বল স্পর্শ করলেও শটের গতি এতটাই বেশি ছিল যে তা ঠেকানো সম্ভব হয়নি।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ। তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১ এবং উজবেকিস্তানের ফিরে আসার সম্ভাবনা শেষ হয়ে যায়।
দাপুটে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় কলম্বিয়া। অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছে উজবেকিস্তান।
