প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এছাড়া সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছাবেন। আগামী ২২ জুন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ অর্জন এবং মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়সহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন তিনি সরাসরি চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর (WEF) সম্মেলনে যোগ দেবেন।
সেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও বিশ্বনেতাদের সঙ্গে তার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (MoU) এবং ৪টি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। দীর্ঘ সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
