বাংলাদেশ-অস্ট্রেলিয়া সংসদীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সংসদীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

জাতীয়

সংসদীয় সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে দেশটির প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার বাংলাদেশ সফরকালে পাওয়া আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে শিক্ষা, কৃষি, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এছাড়া গণতান্ত্রিক চর্চা, সংসদীয় কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠক বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের গুরুত্বও এতে উঠে এসেছে।