শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই

আইন-আদালত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী।

তিনি জানান, মামলার অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান।

মামলার নথি অনুযায়ী, আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন। এ মামলায় চার্জগঠন শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করলে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।