২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একই সময়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন।

এ সময়ের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।