রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

আইন-আদালত

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন পরিবারের কর্তা কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী কন্যা আলিসিয়া।

এ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে অনিয়ন। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএ (ANSA) ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।

ঘটনার পরপরই ইতালিয়ান পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামলাকারী পরিবারের পূর্বপরিচিত কেউ হতে পারেন। কারণ, ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে পুলিশ পরিচিত ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।