মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে একটি জীবিত রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার হারুকান্দি চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধারমানিক এলাকার জেলে সুজন মিয়া সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার দেখতে পান। আতঙ্কিত না হয়ে সাপটিকে না মেরে নিরাপদে সংরক্ষণ করেন এবং আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।
খবর ছড়িয়ে পড়লে খেয়াঘাটে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় পাওয়ায় সেটিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে একাধিকবার রাসেল ভাইপার দেখা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতা বেড়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, রাসেল ভাইপার বা অন্য কোনো বিষধর সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায়।
