ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির অভিযোগে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তেহরান। জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান এ ঘটনাকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অংশ’ বলে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি চিঠিতে অভিযোগ করেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক হুমকি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলের একটি পরিকল্পিত নীতির অংশ।
তিনি আরও দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত হত্যাকাণ্ড ইসরায়েলের ‘অবৈধ আগ্রাসনের’ অংশ। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থন ছিল বলেও অভিযোগ করেন তিনি।
চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি গড়ে তুলেছে। এর ফলে দেশটি আরও বেপরোয়া হয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করে তুলছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
একই সঙ্গে ইরান স্পষ্ট জানিয়েছে, দেশটির বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।
