যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আয়োজন চলাকালে তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে হত্যা করতে পারতেন। তবে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে ভেবেই তিনি এমনটি করেননি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তার ধারণা ছিল ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে। তাই তার শেষ বিদায়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ তাকে বিস্মিত করেছে।
এর জবাবে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।’
উল্লেখ্য, ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে বিদায় জানাতে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আয়োজন করেছে ইরান। এতে বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি, ইরান সরকারের প্রতিনিধি এবং দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
