রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বিধি অনুযায়ী ক্ষমতা না থাকা সত্ত্বেও একটি বিশেষ গভর্নিং কমিটির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।
এছাড়া, নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক থাকলেও সনদবিহীন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছিল।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য এবং নিয়োগপ্রাপ্ত একাধিক শিক্ষক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডসংক্রান্ত একাধিক মামলায় তিনি আসামি। এছাড়া, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচারও চলমান।
